ফেনীতে জেলিযুক্ত ১০৫ কেজি চিংড়ি জব্দ, জরিমানা
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে কৃত্রিম জেলি পুশ করা ১০৫ কেজি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অসাধু উপায়ে ওজন বাড়ানোর দায়ে তিনটি মৎস্য আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আড়তের 'বেলাল ফিশিং' থেকে ৫৬ কেজি, 'আল্লাহর দান ফিশিং' থেকে ২৪ কেজি ও 'এরফান ফিশিং' থেকে ২৫ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পরে মৎস্য ও মৎস্যপণ্য আইনের আওতায় মাছগুলো মাটির নিচে চাপা দিয়ে নষ্ট করা হয়। পাশাপাশি ভোক্তা প্রতারণার দায়ে বেলাল ফিশিংকে ৫০ হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এবং মৎস্য খাতে জালিয়াতি প্রতিরোধে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা