বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জিকুর

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল জিকুর

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: বাবার মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মতো দেখতে বাড়ি ফিরছিলেন সন্তান। তবে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেই শেষ দেখাও আর হলো না তাঁর। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে নূর আলম জিকু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জিকুর বাবা নিজ গ্রামে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে জিকু মাগুরা থেকে ভায়রা ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথে স্বস্তিপুর এলাকায় বালুবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জিকুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন