মশার প্রজননস্থল মিললে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
মশার প্রজননস্থল মিললে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার: বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা আঙিনায় অবহেলাজনিত কারণে এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঘরবাড়ি, আঙিনা, ছাদ কিংবা ডাবের খোসায় তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন