ধর্মীয় সেবাকর্মীদের সম্মানিতে বরাদ্দ ১১০০ কোটি টাকা
সকালবেলা ডেস্ক: দেশের ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানির আওতায় আনতে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, ধর্মীয় প্রধানদের সম্মানি প্রকল্পের পাইলটিং পর্যায়ে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও বৌদ্ধ ভিক্ষুসহ মোট ১৩ হাজার ৯৪৯ জনকে ভাতা দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের সফল উদ্যোগে প্রথমবারের মতো ৪ হাজার ৩৪১ জন হাজিকে তাঁদের অব্যয়িত ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত প্রদান এবং বিমানভাড়া হ্রাস করার ঐতিহাসিক নজির তৈরি হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অনন্য পারফরম্যান্সের জন্য ১২ জন শিক্ষার্থীকে নিজ তহবিল থেকে নগদ ২ লাখ টাকা উপহারের ঘোষণা দেন ধর্মমন্ত্রী। জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এআইএল/সকালবেলা