তথ্য গোপন করায় ডনকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
তথ্য গোপন করায় ডনকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
সালমান শাহ এবং খলনায়ক আশরাফুল হক ডন।

বিনোদন প্রতিবেদকনঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে খলঅভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজির করার পর গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগে তাঁকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে জানিয়েছে, আসামি ডন অত্যন্ত কৌশলী ও চতুর স্বভাবের হওয়ায় জিজ্ঞাসাবাদে ঘটনা সম্পর্কিত বহু তথ্য চেপে গেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রিমান্ডের মেয়াদ শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামিকে আদালতে পাঠাতে নির্দেশ দেন।

আদালতে পেশ করা সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডন তাদের চেনেন বলে স্বীকার করলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গিয়ে তথ্য গোপন করছেন। ভিকটিম সালমান শাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁর সঙ্গে নিয়মিত চলাফেরা থাকায় ঘটনা সম্পর্কিত সব তথ্য ডনের জানার কথা। সিআইডি আরও জানায়, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পূর্বের, পরের ও সময়কালীন নানা আচরণের সাথে ডনের যোগসূত্রের বিভিন্ন আলামত পাওয়া যাচ্ছে। মামলাটির অধিকতর সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে পরবর্তীতে আদালতের অনুমতিসাপেক্ষে আবারো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ডনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সিআইডি তাঁর ৭ দিনের রিমান্ড আবেদন জানালে গত ২৭ আগস্ট আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনের বাসভবন থেকে রহস্যজনক অবস্থায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পিবিআই-এর চূড়ান্ত প্রতিবেদনের পর, গত ২০ অক্টোবর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে সাবেক স্ত্রী সামীরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন