রুনা লায়লার মৃত্যুর মিথ্যা গুজবে ক্ষুব্ধ তানি লায়লা, এআই কনটেন্ট রিপোর্টের আহ্বান

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
রুনা লায়লার মৃত্যুর মিথ্যা গুজবে ক্ষুব্ধ তানি লায়লা, এআই কনটেন্ট রিপোর্টের আহ্বান
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবং তাঁর মেয়ে তানি লায়লা।

নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের বরেন্য ও কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার’ মিথ্যা সংবাদ এবং এআই-নির্ভর (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিভ্রান্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর একমাত্র কন্যা তানি লায়লা। মা সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য ও ছবি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তিনি।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানি লায়লা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ডিজিটাল মাধ্যমে সামান্য ভিউ কিংবা অর্থ উপার্জনের জন্য ইউটিউব ও ফেসবুকে এআই প্রযুক্তির সাহায্যে এ ধরনের নোংরা এবং স্পর্শকাতর কন্টেন্ট তৈরি করা হচ্ছে, যা তাদের পরিবারের জন্য অত্যন্ত বিরক্তিকর ও অপমানজনক।

তানি স্পষ্ট ভাষায় জানান, তিনি ব্যক্তিউদ্যোগে এসব ভুয়া কন্টেন্ট প্রচারকারী আইডি ও চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। পাশাপাশি দেশের সংগীতপ্রেমী মানুষ ও রুনা লায়লার ভক্তদেরও এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান তিনি। দীর্ঘ ছয় দশক ধরে সংগীতে অবদান রেখে অগণিত মানুষের ভালোবাসা পাওয়া একজন কিংবদন্তি শিল্পীকে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নিজের বার্তায় তানি লিখেছেন, "আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে বানানো তৈরি করা মিথ্যা ভিডিও ও ছবি। সহ্য করার একটি সীমা থাকে, আর সহ্য করা যাচ্ছে না।"

একইসঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তানি বলেন, রুনা লায়লাকে নিয়ে কোনো সংবাদ প্রচারের আগে যেন সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করা হয় এবং পূর্ণ সতর্কতা বজায় রাখা হয়।

উল্লেখ্য, রুনা লায়লা সম্প্রতি সংগীতে বেশ সক্রিয় সময় পার করছেন। গত মাসেই অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে একক কনসার্টে সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ উদ্যোগসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেজ শোতেও পারফর্ম করতে দেখা গেছে এই কিংবদন্তিকে।

মন্তব্য করুন