পাঁচবিবিতে টাপেন্টাডলসহ এক মাদক কারবারি আটক
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম উচনা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শয়নকক্ষের তোষকের নিচে রাখা ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। আটক সাদ্দাম ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সাদ্দাম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় গুপ্তচর হিসেবেও কাজ করার কথা স্বীকার করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সাদ্দামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা