মদনে ছেলের ধারালো অস্ত্রের কোপে বাবার মৃত্যু

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
মদনে ছেলের ধারালো অস্ত্রের কোপে বাবার মৃত্যু

মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ছেলে ইয়াছিন মিয়ার (২০) ধারালো বটির কোপে বাবা এলাহি মিয়া (৬০) নিহত হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে রান্নাঘরে চা তৈরি করেন এলাহি মিয়া। এ সময় তিনি ছেলে ইয়াছিনকে চা পানের জন্য ডাকলে ইয়াছিন ঘরে থাকা বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, অভিযুক্ত ইয়াছিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার পরপরই অভিযুক্ত ইয়াছিনকে আটক করেছে পুলিশ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, খাবার ও চা খেতে বলা নিয়ে কথার কাটাকাটির একপর্যায়ে বাবাকে পেছন থেকে কোপানো হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি মানসিক রোগী কি না, তা চিকিৎসক ও চিকিৎসার নথি যাচাই করে নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন