ডিজিটাল বিবাহ নিবন্ধনে বাল্যবিবাহ-জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
ডিজিটাল বিবাহ নিবন্ধনে বাল্যবিবাহ-জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী

সকালবেলা ডেস্ক: ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি সম্পূর্ণ রোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আওতাধীন 'সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন' প্রকল্পের অধীনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র (NID) ও জন্ম নিবন্ধন ডাটাবেজের সাথে আন্তঃসংযোগের মাধ্যমে রিয়েল-টাইমে বয়স ও পরিচয় যাচাই করা সম্ভব হবে। ফলে প্রতারণামূলক ও গোপন বিয়ে শনাক্ত করা সহজ হবে এবং জনগণ দ্রুত ডিজিটাল সনদ পাবেন।

১১ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে এই পাইলট কার্যক্রম চালু করা হচ্ছে। ইতোমধ্যে সফটওয়্যারের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয় ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন