রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় জনতার ঢল
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাফেজিয়ার মাঠ) লাখো মানুষের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সুবিশাল এই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জনসভাস্থলে এসে সমবেত হতে থাকেন।
দুপুরের পর থেকে জনসভাস্থলে নেতাকর্মীদের স্রোত আরও বাড়তে থাকে। মূল মাঠ ছাপিয়ে প্রবেশ পথ, পাশের সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নেন বিপুলসংখ্যক সাধারণ মানুষ। মিছিল, ব্যানার-ফেস্টুন আর খণ্ড খণ্ড স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বেলা সাড়ে ৩টায় জনমঞ্চে প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর ও মহাসমাবেশকে ঘিরে গোটা রাজশাহী জুড়েই বিরাজ করছে এক উৎসবমুখর আবহ। উত্তরাঞ্চলের এই অর্থনৈতিক কেন্দ্রবিন্দুর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কারখানা চালুসহ শিল্পায়নের বিষয়ে প্রধানমন্ত্রী কী রূপরেখা ও নতুন ঘোষণা দেন, সেদিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ নাগরিকরা।
এআইএল/সকালবেলা