আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই মূল পরিচয়—আমরা সবাই 'বাংলাদেশি'। এখানে কোনো 'আদিবাসী' গোষ্ঠী নেই, আমরা সকলেই বাংলাদেশের 'অধিবাসী' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন’ (সিএইচটিআরএফ) আয়োজিত ‘ইন্ডিজিনাস আইডেন্টিটি ইজ ইরেলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমভাবে সুরক্ষিত। জুলাই জাতীয় সনদেও দেশের সর্বস্তরের মানুষের পরিচয় ‘বাংলাদেশি’ হিসেবে নির্ধারণে সকল রাজনৈতিক দল ও অংশীজন ঐক্যমত পোষণ করেছেন। এই রাজনৈতিক অঙ্গীকারই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি।

অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, রাষ্ট্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সংবিধানে স্বীকৃত বিশেষ সুযোগ-সুবিধা ও কোটা ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

আন্তর্জাতিক সনদের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ২০০৭ সালে গৃহীত জাতিসংঘের ‘জাতিসংঘ আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র’ (ইউএনডিআরআইপি) পাসে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। এই ডিক্লারেশন কিংবা আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের জন্য কোনোভাবেই প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদারও নয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা ও বিশিষ্ট বুদ্ধিজীবীগণ বক্তব্য উপস্থাপন করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন