আগামী ১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে তৈরি হওয়া দুর্ভোগ সেপ্টেম্বর মাসে কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের ভুল নীতি ও সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াট হলেও প্রয়োজনীয় গ্যাসের অভাবে পুরোপুরি উৎপাদন সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ, শিল্প ও গৃহস্থালি—তিন খাতের চাহিদার মধ্যে ভারসাম্য রেখে গ্যাস সরবরাহ পরিচালনা করতে হচ্ছে।
সংকটের কারণ হিসেবে তিনি জানান, কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে পায়রা ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট আপাতত বন্ধ রয়েছে। এ ছাড়া ভারতের আদানি গ্রুপ থেকে চুক্তি অনুযায়ী পূর্ণাঙ্গ বিদ্যুৎ না পাওয়া এবং এলএনজির ভাসমান টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে ইতোমধ্যেই সংকটের ৮৮ শতাংশ সমাধান করা হয়েছে।
বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটগুলো দ্রুত চালু করে আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়ে তিনি জানান, আগামী গ্রীষ্মের ধাক্কা সামলাতে সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা