অপরিকল্পিত প্রকল্পে অর্থের অপচয় বন্ধ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
অপরিকল্পিত প্রকল্পে অর্থের অপচয় বন্ধ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: পূর্বের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় আর কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অননুমোদিত প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা ও কার্যকারিতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের জ্বালানি খাতের পূর্ণাঙ্গ ম্যাপিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি আধুনিক, সুস্পষ্ট ও সমন্বিত ভৌগোলিক রূপরেখা তৈরি করতে হবে। খণ্ডিত বা সংস্থাভিত্তিক তথ্যের বদলে একক মানচিত্র থাকলে ভূগর্ভস্থ সম্পদের অবস্থান চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।"

সকালে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা, উৎপাদন ও বণ্টনব্যবস্থাকে সাশ্রয়ী ও সুসংহত করার লক্ষ্যে গঠিত কমিটির পর্যালোচনা বৈঠক এবং বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্প গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণ সংক্রান্ত পৃথক দুটি সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

বৈঠকে জোনভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, "সেবা খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এখানে কোনো ধরনের কালক্ষেপণ চলবে না।"

অননুমোদিত প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি প্রকল্প জনগণের কল্যাণে কতটুকু ভূমিকা রাখবে তা আগে যাচাই করতে হবে। বিগত সরকারের আমলের মতো অপ্রয়োজনীয় প্রকল্পে জনগণের অর্থ অপচয়ের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য পরিপূর্ণ তথ্য-উপাত্ত উপস্থাপনের নির্দেশ দেন তিনি।

পৃথক সভা দুটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বিভিন্ন অধীনস্থ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন