বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা-চিকিৎসা খাত ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই দেশের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের স্মরণ করেন। এ সময় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পকে সমর্থন করায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "আমি বিরোধী দলের ভাইদেরও অভিনন্দন জানাই। কারণ তাঁরা আমাদের ফ্যামিলি কার্ডের প্রকল্পটিকে স্বাগত ও সমর্থন জানিয়েছেন।"
দেশকে স্বৈরতান্ত্রিক শাসন থেকে চিরতরে মুক্ত রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভবিষ্যতে যদি আমরা যেকোনো ধরনের স্বৈরতন্ত্রকে রুখে দিতে চাই, তবে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।"
এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলোর উদাসীনতার সমালোচনা করে তারেক রহমান বলেন, "মহান মুক্তিযুদ্ধের সময়ে দেশের অগণিত মানুষ নির্মম গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দেশ স্বাধীন হওয়ার পর যাদের ওপর দায়িত্ব ছিল স্বাধীনতা যুদ্ধে শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, তারা তা করেনি। বরং তালিকা প্রণয়ন করতে গিয়ে তারা সংকীর্ণ রাজনীতি টেনে এনেছিল। পরবর্তীতেও এই তালিকা তৈরিতে নানা জটিলতা সৃষ্টি করা হয়েছে। অথচ এই মহান মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।"
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, বর্তমান সরকার দেশের প্রকৃত শহীদদের একটি সঠিক ও বিতর্কের ঊর্ধ্বে থাকা পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে কাজ করবে।
এআইএল/সকালবেলা
|