‘জানাজা দিয়ে ইস্যু করেন’: কাদের-নানক-নাছিরের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
‘জানাজা দিয়ে ইস্যু করেন’: কাদের-নানক-নাছিরের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম চলাকালীন ফাইল ছবি।

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম নগরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘাত ও ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী শীর্ষ নেতাদের গতিবিধি এবং নিহত ব্যক্তির লাশ নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির চাঞ্চল্যকর আলামত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক ও চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ড শোনান।

ট্রাইব্যুনালে পেশ করা কল রেকর্ডে শোনা যায়, চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে পথচারী, আন্দোলনকারী ও আওয়ামী সমর্থকসহ তিনজন নিহতের তথ্য তৎকালীন মেয়র আ জ ম নাছির জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক ও ওবায়দুল কাদেরকে অবহিত করছেন। সে সময় জাহাঙ্গীর কবির নানক আ জ ম নাছিরকে নির্দেশনা দিয়ে বলেন, "আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন। ওইটাকে ইস্যু করেন। বি অ্যালার্ট, ওদের কিন্তু খুব খারাপ মতলব।" জবাবে আ জ ম নাছির বলেন, "ওইটাকে একটু ইস্যু করার চেষ্টা করতেছি। ওইটা কনফার্ম করে ব্যবস্থা নেব।"

ফোনালাপে ওবায়দুল কাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে আ জ ম নাছির তাঁকে আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়সহ পুরো চট্টগ্রাম ‘১০০ ভাগ’ তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কেবল মুরাদপুর এলাকায় সামান্য ফাইট বা সংঘাত চলছে।

মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর শুনানি শেষে মামলার পরবর্তী কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

মন্তব্য করুন