ফেনী পৌরসভায় কুকুরকে জলাতঙ্কের টিকাদান শুরু

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
ফেনী পৌরসভায় কুকুরকে জলাতঙ্কের টিকাদান শুরু

এম. জহিরুল হক মিলন, ফেনী: জলাতঙ্কের ঝুঁকি কমাতে ফেনী পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৬৫০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোবারক হোসেন দুলাল এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ। জলাতঙ্কমুক্ত শহর গড়তে বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় আনার পাশাপাশি গণসচেতনতা তৈরি করা জরুরি। সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ১৫ দিনের এ কর্মসূচিতে সাতজন কর্মী ও একজন সুপারভাইজার মাঠে সক্রিয় থাকবেন। টিকা দেওয়া শেষে চিহ্নিত করার সুবিধার্থে কুকুরের শরীরে নির্দিষ্ট রং লাগিয়ে দেওয়া হবে। এ ছাড়া কোনো প্রাণী জলাতঙ্ক বা জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত জানাতে 'মাই ফেনী' অ্যাপ ব্যবহারের আহ্বান জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে একটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন ও 'ফেনী এলিমেন্টস লাভার' সংগঠনের প্রধান সমন্বয়ক সাইমুন ফারাবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন