আমনের চারা রোপণে ব্যস্ত নলডাঙ্গার কৃষকেরা

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
আমনের চারা রোপণে ব্যস্ত নলডাঙ্গার কৃষকেরা

মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: বর্ষার পানিতে সিক্ত জমি, কোথাও কাদা প্রস্তুতের কাজ আর কোথাও সারিবদ্ধভাবে ধানের চারা রোপণের দৃশ্য—এমন কর্মচঞ্চল পরিবেশে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মাঠে এখন রোপা আমন চাষের ধূম পড়েছে। চারদিকের সবুজ চারায় বদলে যেতে শুরু করেছে মাঠের চিত্র।

চলতি মৌসুমে নলডাঙ্গা উপজেলায় ৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ইতোমধ্যে ২ হাজার ৬৬০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার একটি বড় অংশ। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই বাকি জমিতে রোপণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছে স্থানীয় কৃষি অফিস।

উপজেলার বাঁশিল দক্ষিণপাড়া, সেনবাগ ও বাসুদেবসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল হলেই কাদা-পানিতে নেমে পড়ছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। দলবদ্ধভাবে রোপণ করা হচ্ছে উচ্চফলনশীল জাতের চারা।

বাঁশিল দক্ষিণপাড়া গ্রামের কৃষক মো. আরিফুল ইসলাম জানান, বর্ষার পর্যাপ্ত পানি পাওয়ায় এবার জমি প্রস্তুত করা সহজ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন তিনি। তবে উৎপাদন খরচের সঙ্গে সংগতি রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানান তিনি। সেনবাগ এলাকার কৃষক মো. আতাউর রহমান বলেন, সার, বীজ ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে, তবুও ভালো ফলনের আশায় চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রি ধান-৭৫, ৮৭, ৯০, ৯১, ৯৩, ৯৪, ১০৩ এবং বিনা ধান-২০, ২২ ও ২৬-এর মতো উচ্চফলনশীল ও আধুনিক জাত চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। মাঠপর্যায়ে সঠিক দূরত্বে চারা রোপণ, সুষম সার ব্যবহার ও রোগবালাই প্রতিরোধে নিয়মিত পরামর্শ দিচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জিত সিংহ, মো. আশরাফুল দৌলা খোকন, মো. মামুনুর রশিদ ও মো. সাইদুর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসাইন ও মো. নাহিদুল ইসলাম জানান, কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, "কৃষকদের আগ্রহ ও মাঠের পরিস্থিতি আমন চাষের জন্য অত্যন্ত অনুকূল। সময়মতো রোপণ ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভালো ফলন পাওয়া সম্ভব হবে।"

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন