আ.লীগকে ফেরাতে লংমার্চ দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
আ.লীগকে ফেরাতে লংমার্চ দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, "আওয়ামী লীগ ও শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের ডাক একই চক্রান্তের ধারাবাহিকতা।"

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে রাশেদ খাঁন বলেন, বিগত জাতীয় নির্বাচনে যেসব নেতাকর্মী ভুলবশত দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিয়েছেন, তারা ভুল স্বীকার করে ফিরে আসতে চাইলে হাইকমান্ড বিষয়টি বিবেচনা করবে। তবে যারা সরাসরি বিদ্রোহী প্রার্থী হয়ে দলের প্রার্থীর বিপক্ষে লড়েছেন, তাদের বিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিতে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন