ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতে আশ্রয় না পায়, সে বিষয়েও আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির জানান, সফরের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই দেশের পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং উভয় প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে এই সফরটি অনুষ্ঠিত হবে।
ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে গেছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তারিখ নির্ধারিত না হওয়া মানেই আলোচনা থমকে যাওয়া নয়। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।"
বিগত ৫ আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, "ঐদিন এমন একটি ঘটনা ঘটেছে যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে গভীরভাবে আঘাত হেনেছিল। সে বিষয়ে আমাদের অবস্থান আমরা ভারতের কাছে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছি। বর্তমানে সব বিষয় নিয়েই নতুন করে আলোচনা এগিয়ে চলছে।"
এআইএল/সকালবেলা