বেলকুচিতে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
বেলকুচিতে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ

মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি: সিরাজগঞ্জের বেলকুচিতে আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং গার্লস স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী কাঁচাবাজার সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩০ আগস্ট উপজেলায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগের দিন এলাকায় সতর্কতামূলক মাইকিং করে ব্যবসায়ীদের স্বউদ্যোগে দোকান সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়ে স্থান খালি না করায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আফরিন জাহান জানান, জনস্বার্থে এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন