পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ
পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে টানা অভিযান চালিয়ে যাচ্ছে পীরগাছা থানা পুলিশ। ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে অভিযানের তৃতীয় দিনে উপজেলার অন্নদানগর ইউনিয়নের একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল, এসআই শামীমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চিহ্নিতদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধি নির্মূলে সচেতনতামূলক কার্যক্রম ও পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন