সোনারগাঁওয়ে মাদকসহ ৮ আসামি গ্রেপ্তার
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী এবং সামারি ট্রায়ালের পরোয়ানায় মোট ৮ আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোররাতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আরিফুজ্জামান-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রাত সাড়ে ৩টার দিকে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুরিয়া হেরোইনসহ মোঃ ফারুক হোসেন (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
একই অভিযানে সামারি ট্রায়াল ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চোতরা পাশা গ্রামের নুর আলম (৪৮), সোনাপুরের বকুল হোসেন (২৮), আমগাঁওয়ের দীন ইসলাম (৩৫), সাদিপুরের মোঃ মাসুম রানা (২৯), রামগোবিন্দর গাঁওয়ের কবির হোসেন (৩২) ও জহিরুল ইসলাম রাজু এবং সিদ্ধিরগঞ্জের মিছিরগঞ্জের মোঃ রিফাতকে (২২) গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা