তরুণ আলেম মুফতি মাহমুদ সড়ক দুর্ঘটনায় নিহত
আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: নারায়ণগঞ্জের সানাড়পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় তরুণ আলেম, আলোচক ও সমাজসেবক মুফতি মাহমুদ হাসান আরিফ প্রাণ হারিয়েছেন।
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সানাড়পাড় ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুফতি মাহমুদ হাসান আরিফ রাজধানীর মালিবাগ মাদরাসার কৃতী শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে অধ্যয়নকালে দেশের শীর্ষ মুফতি মিজানুর রহমান সাঈদের সান্নিধ্য লাভ করেন। উচ্চশিক্ষার জন্য পাকিস্তানের দারুল উলুমে করাচিতে অবস্থানকালে তিনি বিশ্ববিখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সান্নিধ্য অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে দেশে ফিরে তিনি উত্তর রসুলবাগ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, সামাজিক উন্নয়নমূলক কাজ এবং গণমাধ্যমে নিয়মিত আলোচনায় অংশ নিতেন। ব্যক্তিজীবনে বিনয়ী ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই আলেমের অকাল মৃত্যুতে তাঁর শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও ছোট তিন কন্যাসন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তাঁর লাশ শরীয়তপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর শরীয়তপুরের পণ্ডিতসার এলাকার বড়ইতলা রোডের ঢালি বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এআইএল/সকালবেলা