গোপালগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির উদ্যোগে পৌর পার্কে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে দিনের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগমে পৌর পার্ক এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, "শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথপ্রদর্শক। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার ওপর ভিত্তি করেই বিএনপি আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।" তিনি আরও বলেন, জিয়াউর রহমানের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দেশের বৃহত্তম ও জনবান্ধব গণতান্ত্রিক দলে পরিণত করা সম্ভব হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক রফিকউজ্জামান বলেন, "বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের মন জয় করতে হবে।"

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। পরে সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন