শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, গুম হওয়া স্বজনদের গণভবনে ডেকে স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেও ভেতরে তাঁর গুমের সঙ্গে সম্পৃক্ততার হিংস্র মনোভাব লুকিয়ে থাকত।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক সমাজের উদ্যোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন যে তাঁদের ফিরিয়ে আনা হবে, অথচ তিনি নিজেই জানতেন মূল বাস্তবতা। এসব আচরণের মাধ্যমে তিনি অভিনয় চালিয়ে গেছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তিনি নিজেই ছিলেন গুমের মূল নির্দেশদাতা। উদাহরণ টেনে তিনি বলেন, একজন ব্যরিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল, যিনি এখন মুক্ত হয়ে সংসদ সদস্য হয়েছেন।
সাবেক সরকারের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা ও পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। তখনকার এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ির সন্ধান মিলেছে।
স্থানীয় রাজনীতির অতীত সহিংসতার কথা স্মরণ করে স্পিকার বলেন, ২০১০ সালের উপনির্বাচনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমসহ অসংখ্য নেতাকর্মীর ওপর নির্মম হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।
সভাবিশেষে মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে তাঁর দায়িত্ব পালনে স্থানীয় জনগণের সন্তুষ্টির বিষয়ে সংসদীয় পদ্ধতিতে ‘হ্যাঁ-না’ ভোট আহ্বান করলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে সায় দেন।
এআইএল/সকালবেলা