বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

সকালবেলা প্রতিবেদন: দেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শুধু বিশ্বের সেরা শিক্ষাচর্চা অনুসরণ করাই সরকারের মূল উদ্দেশ্য নয়; একদিন বাংলাদেশ থেকেই যেন বিশ্বের অন্য দেশগুলো শিক্ষা ব্যবস্থার সেরা মডেল অনুসরণ করে, সেটিই সরকারের আসল স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সময়, অর্থ ও কঠোর পরিশ্রমে সরকার প্রস্তুত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানের ক্ষেত্রে কোনো বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়। প্রাথমিক শিক্ষার মৌলিক বিষয়গুলোতে দ্রুত সংস্কারের তাগিদ দিয়ে তিনি বলেন, বিদ্যালয়ের সময়সীমা, শ্রেণিকক্ষের আয়তন ও শিক্ষার্থীর আনুপাতিক হার, অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষকের নিশ্চয়তা বিধানে সুস্পষ্ট নীতিমালা বাস্তবায়ন করা জরুরি। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষের দায়িত্বে আনা উচিত নয়।

প্রযুক্তি ও আধুনিক শিক্ষাপদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের প্রাথমিক শিক্ষায় কার্যক্রমভিত্তিক শিখন ও খেলাধুলার মাধ্যমে শেখার ওপর গুরুত্ব বাড়ানো হবে। নতুন কারিকুলাম প্রণয়নে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

অক্সফোর্ড একিউএ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। এতে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরাসহ বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন