১৩ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী নির্ধারণ
সকালবেলা ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে কোনো জোটবদ্ধ সমীকরণে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 'স্থানীয় নির্বাচন হবে স্থানীয়ভাবেই'—এই নীতিতে ১৩টি সিটিতেই একক মেয়র প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।
ইতোমধ্যে সবকটি সিটিতেই প্রার্থী বাছাইয়ের কাজ শেষ হয়েছে, যার মধ্যে সর্বশেষ গত ১১ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে সব প্রার্থীর নাম একযোগে প্রকাশ করা হয়নি।
ঢাকা উত্তর সিটিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণে তরুণ ভোটারদের টানা ও সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে সামনে এনেছে দলটি।
চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে প্রার্থী করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং রংপুর সিটিতে মহানগর আমীর এটিএম আজম খানের ওপর পূর্ণ আস্থা রাখছে জামায়াতে ইসলামী। শিল্পনগরী গাজীপুরে সাবেক আন্তর্জাতিক শিক্ষাবিদ ড. মুহাম্মদ হাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটিতে মহানগর আমীর মোহাম্মদ আবদুল জব্বারকে মেয়র পদে চূড়ান্ত করা হয়েছে।
সিলেট সিটিতে জেলা নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, কুমিল্লায় মহানগর আমীর মোসলেহ উদ্দিন এবং ময়মনসিংহ সিটিতে মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে প্রতিদ্বন্দ্বিতার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।
এছাড়া ২১টি ওয়ার্ড নিয়ে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস ও বর্তমান মহানগর সেক্রেটারি আ.খ.ম. আব্দুল মালেককে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছে জামায়াতে ইসলামী।
এআইএল/সকালবেলা