শহীদ বেদীতে শ্রদ্ধা অর্পণ করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ণ
শহীদ বেদীতে শ্রদ্ধা অর্পণ করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া (গোপালগঞ্জ-০৩) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এস এম জিলানী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জিলানী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন যে, যেসব বীর সন্তান বন্দুকের গুলির ভয় উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন, তাঁদের অবদানকে সবসময় স্মরণ রাখতে হবে।

তিনি আরও বলেন: "আমাদের উচিত শহীদদের চেতনাকে ধারণ করে সমাজের প্রতিটি ক্ষেত্রে ত্যাগের মহিমায় কাজ করা। শুধুমাত্র বছরের একদিন শ্রদ্ধা নিবেদন করলেই হবে না, বরং একুশের গুরুত্ব ও চেতনা সারা দেশে ছড়িয়ে দিতে হবে; তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।"

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন