তাহিরপুরে ধানের শীষের গণজোয়ার: ‘ভোট ডাকাতির দিন শেষ’—মিজান চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ণ
তাহিরপুরে ধানের শীষের গণজোয়ার: ‘ভোট ডাকাতির দিন শেষ’—মিজান চৌধুরী

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে চূড়ান্ত শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শেষ নির্বাচনী জনসভাটি এক ঐতিহাসিক জনসমুদ্রে রূপ নেয়।

বিকেল গড়ানোর আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। মাঠ উপচে পড়ে তিল ধারণের জায়গা না থাকায় মানুষ আশপাশের সড়ক, বসতবাড়ির ছাদ ও গাছের ডালে উঠে সমাবেশে অংশ নেন। পুরো বাদাঘাট এলাকা যেন পরিণত হয় ধানের শীষের দুর্গে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে আবেগঘন বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অস্তিত্বের লড়াই। যারা অতীতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে চুরি করেছে, তাদের বিরুদ্ধে আজ হাওরবাসী ঐক্যবদ্ধ। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে সকল লুটপাট ও বৈষম্যের জবাব দেওয়া হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি প্রতিটি ভোটকেন্দ্রে কড়া পাহারা বসানোর নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, “বাদাঘাটের এই জনসমুদ্র স্পষ্ট বার্তা দিচ্ছে যে, এই দেশে আর কোনো ভোট ডাকাতি চলবে না। স্বৈরাচারী শাসনের বিদায় ঘণ্টা বেজে গেছে।”

 বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক কৃষকদের মুক্তির প্রতীক হিসেবে ধানের শীষকে তুলে ধরেন। যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন, বিদেশের মাটিতেও দেশের মানুষের ভোটাধিকারের জন্য লড়াই চলছে এবং আন্তর্জাতিক মহল এই নির্বাচনের দিকে নজর রাখছে।

 তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিনসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শেষে পুরো এলাকা ‘ভোট দিবো কিসে? ধানের শীষে’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

মন্তব্য করুন