রাজশাহীতে র‍্যাবের অভিযানে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ণ
রাজশাহীতে র‍্যাবের অভিযানে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
রাজশাহীতে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি (ফাইল ছবি)

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড এ্যামোনিশন (গোলাবারুদ) উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে জড়িতরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‍্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দক্ষ আভিযানিক দল আজ মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা ১০ মিনিটে এই অভিযান পরিচালনা করে।

র‍্যাবের পক্ষ থেকে একটি গণমাধ্যমকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর পাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে কতিপয় সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের অপারেশন দলটি দ্রুত সেখানে পৌঁছালে এবং তল্লাশি শুরু করলে চোরাকারবারিরা একটি ব্যাগ বা প্যাকেট ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি আধুনিক বিদেশি পিস্তল, ২টি তাজা গুলি এবং ১টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তীকালে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এর প্রকৃত মালিক বা বাহক সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এই অস্ত্র চোরাচালানের সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া না গেলেও জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাবের প্রাথমিক ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং বড় ধরনের কোনো অপরাধ সংঘটনের লক্ষ্যে সন্ত্রাসীরা এই মারাত্মক অস্ত্র ও গোলাবারুদ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সংগ্রহ করেছিল। তবে ওই স্থানে তা হাতবদলের সময় র‍্যাবের অতর্কিত উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র রেখেই প্রাণভয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত এই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এ্যামোনিশন আইনি প্রক্রিয়া মেনে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরণের সন্ত্রাস ও অস্ত্রের ব্যবহার রুখতে র‍্যাবের এই ধরণের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে আভিযানিক দলটির পক্ষ থেকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে।

মন্তব্য করুন