সব দুর্নীতি তদন্ত করা উচিত, অন্তর্বর্তী সরকারও বাদ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ণ
সব দুর্নীতি তদন্ত করা উচিত, অন্তর্বর্তী সরকারও বাদ নয়: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগসহ অতীত ও বর্তমান সব সময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকার চায় যেকোনো আমলের দুর্নীতির অভিযোগই সমানভাবে তদন্তের আওতায় আসুক।

আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, "দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তাই যেকোনো সময় যেকোনো আমলের অভিযোগেরই তদন্ত করা সম্ভব।" তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, আগের আওয়ামী লীগ সরকারের কেউ কিংবা বর্তমান সরকারের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে দুদকের উচিত সম্পূর্ণ স্বাধীনভাবে তা তদন্ত করা।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি পরিষ্কার জানিয়ে দেন, কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকাকালীন আওয়ামী লীগ অন্য কোনো নামেও রাজনীতি করতে পারবে না। যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বজায় থাকবে, ততদিন তারা কোনো নামেই নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের আইনি নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম তা মানছে না উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমগুলোকে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু বক্তব্য ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ওই বছরের ৫ ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই বিষয়ে তথ্য উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, "দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো দেশের আইন এবং সাংবাদিকতার রীতিনীতি মেনে সংবাদ প্রচার করবে এবং দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেই আমরা আশা করছি।"

এছাড়া দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন এর চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে।

মন্তব্য করুন