মুন্সীগঞ্জে হাসপাতাল চত্বরের ঝোপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে হাসপাতাল চত্বরের ঝোপ থেকে জীবিত নবজাতক উদ্ধার
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উদ্ধার হওয়া নবজাতক (ফাইল ছবি)

মোঃ দুলাল সরকার : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের ঝোপ থেকে এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে হাসপাতাল এলাকায় হঠাৎ একটি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান সেখানে দায়িত্বরত এক আয়া। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কর্মরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে মসজিদের পাশের একটি ঝোপের ভেতর থেকে রক্তাক্ত ও জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা একটি গণমাধ্যমকে জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা দেওয়া হয়। বর্তমানে শিশুটি সম্পূর্ণ জীবিত ও সুস্থ রয়েছে এবং তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কে বা কারা গভীর রাতে সদ্যজাত এই শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ঝোপ থেকে শিশু উদ্ধারের খবরটি চারদিকে জানাজানি হলে সকাল থেকেই হাসপাতালে কৌতূহলী মানুষের উপচে পড়া ভিড় জমে।

এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ঘটনাটি স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন