দেশের ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
দেশের ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উদ্ভূত আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ইতিমধ্যে বিশেষ সতর্কবার্তা দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সংক্ষিপ্ত আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়-বৃষ্টির এই আশঙ্কার কারণে এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

মন্তব্য করুন