শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
শপথ নিতে পারবেন না  আসলাম চৌধুরী
আসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতের এই আদেশের ফলে তাঁর বিজয়ের ফলাফল আর প্রকাশ করা যাবে না এবং তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

আদালত সূত্রে জানা যায়, ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে আসলাম চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এর আগে গত ১৫ জুন এই মামলার দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন অর্থাৎ ৩০ জুন ধার্য করেছিলেন আদালত। আজ চূড়ান্ত রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পক্ষে রায় দেন সর্বোচ্চ আদালত।

আইনি এই লড়াইয়ে আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অপরদিকে আসলাম চৌধুরীর পক্ষে আইনি লড়াই চালান সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির শেষ দিনে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। ইসির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করলেও তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন উক্ত আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ফলে আসলাম চৌধুরী গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতীক নিয়ে লড়ার সুযোগ পেলেও আদালত শর্ত জুড়ে দেন যে—আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে এবং তা সরকারিভাবে প্রকাশ করা যাবে না।

আদেশে স্পষ্ট বলা হয়েছিল, আসলাম চৌধুরী যদি নির্বাচনে বিজয়ী হন, তবে সংশ্লিষ্ট আসনের ফলাফল প্রকাশ সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে জয়ী হলেও এই আইনি মারপ্যাঁচের কারণে তাঁর ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়নি। আজ আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মাধ্যমে আসলাম চৌধুরীর সংসদ সদস্য হওয়ার পথ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল।

মন্তব্য করুন