গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করল র‍্যাব-৫

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করল র‍্যাব-৫
দাগাড়ীতে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ১ কেজি ৪০ গ্রাম হেরোইন (ফাইল ছবি)

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ঝটিকা অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে একটি গণমাধ্যমকে জানানো হয়, সোমবার (২৯ জুন) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই চরাঞ্চলে অভিযান পরিচালনা করেন। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সাথে থাকা একটি বস্তা ফেলে পাশের বিস্তীর্ণ পাটক্ষেতের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। চারদিকে তল্লাশি করা হলেও অন্ধকার ও পাটক্ষেতের ঘনত্বের কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করেন র‍্যাব সদস্যরা। এ সময় বস্তার ভেতরে থাকা ৬টি স্বচ্ছ পলিপ্যাক থেকে মোট ১ কেজি ৪০ গ্রাম উচ্চমানের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করেছে আভিযানিক দলটি।

র‍্যাব-৫ এর কর্মকর্তারা একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জব্দকৃত হেরোইন পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করতে স্থানীয় পর্যায়ে তদন্ত চলছে। মাদকের রুট বন্ধ এবং কারবারিদের দমনে র‍্যাবের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন