ঝিনাইদহ ডিসির বিরুদ্ধে নারী ইউএনওর বিস্ফোরক অডিও ভাইরাল
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রস্তাব ও অনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ফাঁস হওয়া অডিওতে বিদায়ী ইউএনও হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করতে শোনা যায়। সেখানে তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়েছেন এবং অন্যায্য আর্থিক সুবিধা দাবি করেছেন।
ইউএনও আরও দাবি করেন, ডিসির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে। এমনকি তার দুই অসুস্থ সন্তান থাকা সত্ত্বেও তাকে দ্রুত কর্মস্থল ত্যাগের নির্দেশ দেন ডিসি। অডিওতে তিনি ডিসির চারিত্রিক স্খলন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, “উনি খারাপ লোক। ওনার কথামতো কাজ না করায় আমাকে হেনস্তা করা হচ্ছে।”
এর আগে গত ২৮ মার্চ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের নেতাদের সঙ্গে সখ্যতা ও দুর্নীতির সচিত্র তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে সেই সময় ওইসব তথ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ডিসি। বর্তমান এই অডিও ফাঁসের ঘটনায় জেলা প্রশাসক সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঝিনাইদহের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই দ্বন্দ্বে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
|