টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আকবর ও সোহাগ কাজী নামের দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মামলা জনিত কারণে ঘটনার রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে সন্তানদের নিয়ে তিনি একাই ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে অভিযুক্ত আকবর ও সোহাগসহ কয়েকজন ঘরে ঢুকে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন ও ধর্ষণ করে। এ সময় তাঁর শিশুদের ছুড়ে ফেলে দেওয়া হয় এবং হামলায় ওই নারীর তিনটি দাঁত ভেঙে যায়।
একপর্যায়ে প্রতিবেশীরা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। তাঁকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা