খুলনায় হোটেলে যুবককে আটকে রেখে চাঁদাবাজি, ইয়াবাসহ আটক ৭
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনা নগরীর সাতরাস্তা মোড়ে অবস্থিত ‘স্বপ্নমহল’ নামে একটি আবাসিক হোটেলে চাকরি দেওয়ার প্রলোভনে এক যুবককে আটকে রেখে মারধর ও ‘হানি ট্র্যাপ’ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ পেয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে ঐ হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ সাতজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর ঐ যুবককে চাকরি দেওয়ার কথা বলে দিনভর হোটেলের একটি কক্ষে অবরুদ্ধ রাখা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ফাঁদ পেতে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ভয়ভীতি দেখিয়ে মারধর করে। পরে জিম্মি অবস্থায় ভুক্তভোগীর কাছে থাকা ও স্বজনদের মাধ্যমে বিকাশে আসা মোট ২৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অবশিষ্ট সাড়ে চার লাখ টাকার জন্য তাঁকে চেপে ধরলে ভুক্তভোগীর স্বজনেরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান।
খবর পেয়ে রাত ১২টার দিকে ঐ হোটেলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশিকালে হোটেল রুম থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, সিগারেট, কনডম জব্দ করা হয়। এ সময় চার কলেজপড়ুয়া তরুণী, দুই যুবক এবং হোটেল মালিকের বন্ধু (ভারপ্রাপ্ত ইনচার্জ)-কে হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ম্যানেজার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান এখনও অব্যাহত রয়েছে। প্রক্রিয়াটি শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এআইএল/সকালবেলা