নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুমন তাঁর শ্বশুরবাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে সরকারি কাজে 'কৃষক কার্ডের' তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন। পথিমধ্যে তাঁর মোটরসাইকেলটি চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটকে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন