দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’কে সামনে রেখে দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জব্দকৃত প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে জমকালো এক ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজনের মাধ্যমে এসব মাদক নষ্ট করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের পর আমন্ত্রিত অতিথিগণ নিজ হাতে বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে পরিচালিত বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার (এসপি) জিদান আল মুসা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, “মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা ও নৈতিকতাকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের করাল ছোবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”
বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “মাদক শুধু একটি অবৈধ দ্রব্য নয়; এটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।”
এআইএল/সকালবেলা
|