দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন করে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০৫টি শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩টি শিশু। অর্থাৎ সব মিলিয়ে এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৯৮ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫২ জন শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৩ জন। একই সময়ে ৮৬০টি শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগীর মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হামের লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন