ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। এ ছাড়া এই ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ৭.২ মাত্রা এবং এর ৪০ সেকেন্ড পর দ্বিতীয়টি ৭.৫ মাত্রার তীব্রতায় আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল।
ভূমিকম্পে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ের ঢালে অবস্থিত বহু ভবন ধসে পড়েছে। ধসে পড়া এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছেন সেনা-পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ভূমিকম্পের পরপরই আতঙ্কিত বাসিন্দারা প্রাণের ভয়ে ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আফটারশকের আশঙ্কায় বুধবার রাতটি অনেকেই খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হয়েছেন। প্রিয়জন ও পোষা প্রাণীদের নিয়ে বহু মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জান্নাত সকালবেলা
|