ব্রাহ্মণবাড়িয়ায় ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত 'দি মেঘনা জেনারেল হাসপাতালে' ভুল চিকিৎসা ও চরম অবহেলায় ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

গতকাল বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু আনাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে। এই ঘটনার পর হাসপাতালজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, হামের উপসর্গ দেখা দিলে দুই দিন আগে ডা. তৈয়বুর রহমানের পরামর্শে আনাসকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, বুধবার রাতে ঘুমানোর আগে পর্যন্ত শিশুটি অনেকটাই সুস্থ ও প্রাণচঞ্চল ছিল, এমনকি তার দাদুর সঙ্গে খেলাও করেছিল।

রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে দায়িত্বরত নার্স সোনিয়া শিশুটিকে ইনজেকশন দিতে আসেন। স্বজনদের অভিযোগ, চিকিৎসক নির্ধারিত ইনজেকশনের সঙ্গে অন্য আরেকটি তরল ওষুধ মিশিয়ে শিশুটির শরীরে পুশ করেন ওই নার্স। এর পরপরই শিশুটি তীব্র চিৎকার দিয়ে ওঠে, চোখ-মুখ কালো হয়ে হাত-পা শক্ত হয়ে যায় এবং একপর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সন্তান হারিয়ে হাসপাতালের করিডোরে কান্নায় ভেঙে পড়েন মা-বাবাসহ উপস্থিত স্বজনরা। নিহত শিশুটির বাবা গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, “নার্সের দেওয়া ভুল ইনজেকশনের কারণেই আমার ছেলে মারা গেছে। ডাক্তার যে ইনজেকশন লিখে দিয়েছিলেন, তার সঙ্গে আরেকটি ইনজেকশন মিশিয়ে আমার বাচ্চাকে দেওয়া হয়। আমার ছেলে মারা যাওয়ার পর হাসপাতালের লোকজন সবাই পালিয়ে যায়। এখন হাসপাতাল কর্তৃপক্ষ একে নার্সের দোষ বলে পার পাওয়ার চেষ্টা করছে।”

সন্তানহারা মা সোমা আক্তার বলেন, “ইনজেকশন দেওয়ার পর আমার ছেলে যখন ছটফট করছিল, তখন নার্সকে জিজ্ঞেস করলে সে বলেছিল সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বারবার বলেছিলাম ভালোভাবে না বুঝলে বড় ডাক্তার ডাকতে, কিন্তু সে শোনেনি। কিছুক্ষণের মধ্যে বাচ্চার হাত-পা ঠান্ডা হয়ে গেলে ওই নার্স হাসপাতাল থেকে পালিয়ে যায়।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে দি মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বাছির মিয়া জানান, মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন এবং অভিযুক্ত নার্সকে ডেকে এনে বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ভুল চিকিৎসা বা অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া সদর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির বলেন, “শিশু মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, “আমাদের কাছে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ পেলে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন