মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫৯ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গতকাল বুধবার (২৪ জুন) দুপুরে মহাসড়কের জগদীশপুর বেলঘর বাসস্ট্যান্ড সেতুর ওপর স্থাপিত বিশেষ চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন রংপুর জেলার আলোয়াকরি গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যানও জব্দ করেছে র্যাব।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ মাদকের একটি বড় চালান নিয়ে কারবারিরা মাধবপুরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা ২০ মিনিটে জগদীশপুর এলাকায় ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসায় র্যাব। একপর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে চালককে হাতেনাতে আটকে ফেলেন।
পরবর্তীতে পিকআপের পেছনে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো মোট ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন র্যাবকে জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এই গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের পক্ষ থেকে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|