কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে স্কুলছাত্র গুলিবিদ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ
কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে স্কুলছাত্র গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইথান আহমেদ (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরের কাটাবিল এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইথান আহমেদ কাটাবিল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত থেকেই স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদকবিরোধী এক মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষ হওয়ার পর দুপুরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আচমকা মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায় এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করলে পিঠে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে স্কুলছাত্র ইথান।

আহত ইথানকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ইথানের মা সোনিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে স্কুলের বিরতির (টিফিন টাইম) সময় স্কুল থেকে নাস্তা খেতে বাইরে বের হয়েছিল। সন্ত্রাসীদের ছোঁড়া গুলি সরাসরি এসে ওর পিঠে লাগে।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে অপু ও সাব্বির গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলিবিদ্ধ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন