ইসলামে হানাহানি ও বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে কোনো ধরনের বিভেদ, হানাহানি, সামাজিক বৈরিতা ও বিদ্বেষের স্থান নেই। ইসলামের মূল ভিত্তিই হলো শান্তি, ন্যায় ও মানবকল্যাণ।
আগামীকাল শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ জুন) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, “পবিত্র আশুরা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা সবসময় শান্তি, ন্যায়বিচার, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। আশুরার এই মহান ও পবিত্র শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসুন, আমরা আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করি। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে আমরা প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে আত্মনিয়োগ করি।”
তারেক রহমান আরও বলেন, “হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখে পবিত্র আশুরা পালিত হয়। ইসলামের সুদীর্ঘ ইতিহাসে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা আমাদের সত্য, ন্যায়, চরম ধৈর্য, ত্যাগ এবং নৈতিক আদর্শের ওপর অবিচল থাকার চিরন্তন শিক্ষা দেয়।”
কারবালার প্রান্তরের ঐতিহাসিক ট্র্যাজেডির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এটি মানব ইতিহাসের এমন এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়, যা যুগে যুগে বিশ্ববাসীকে সত্যের পক্ষে থাকতে এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে প্রেরণা জুগিয়ে আসছে। মানবিক মর্যাদা রক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আদর্শের প্রতি অবিচল থাকার যে দীক্ষা কারবালা আমাদের দিয়েছে, তা আজও সমগ্র মানবজাতির পথচলার প্রেরণার উৎস।
তিনি উল্লেখ করেন, “আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে কারবালার মরূদ্যানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) তাঁর পরিবারের সদস্য ও অনুগত সঙ্গীদের নিয়ে জুলুম, অন্যায় এবং স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেছিলেন। স্বৈরাচারের কাছে মাথা নত না করার এই অনন্য আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের সংগ্রামের এক অবিনাশী প্রতীকে রূপান্তর করেছে।”
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এই বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার মর্মান্তিক ঘটনায় শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্য ও মহান সঙ্গীদের পবিত্র স্মৃতির প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তিনি এই শোকাবহ দিনে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সূত্র: বাসস
এআইএল/সকালবেলা
|