ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিন বিচারক। গত বছর আইসিসির বিচারকদের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে তারা এই মামলা করেন।
মামলা দায়েরকারী তিন বিচারক হলেন কানাডার কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি গানসু। তাদের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন তাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছিল।
বিচারকদের দাবি, এটি ‘বিচারবহির্ভূত চাপ প্রয়োগের’ একটি প্রক্রিয়া, যার মূল লক্ষ্য ছিল তাদের শাস্তি দেওয়া এবং নতিস্বীকারে বাধ্য করা। অভিযোগে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘন করেছে, কারণ এটি কোনো প্রকৃত জাতীয় জরুরি অবস্থার ভিত্তিতে করা হয়নি।
বিচারকরা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার কারণে তারা স্বাভাবিক জীবনযাপন এবং পেশাগত দায়িত্ব পালনে চরম বাধার সম্মুখীন হচ্ছেন। তাদের ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্মের সুবিধা, এমনকি স্বাস্থ্যবীমা ব্যবহারের সুযোগও সংকুচিত হয়ে পড়েছে। বিচারকদের মতে, এই নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতের মামলাগুলোতে তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি বর্তমানে ১২৫টি সদস্য দেশে সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দায়িত্ব পালন করছে। যদিও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলো এই আদালতের এখতিয়ারকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না, তবুও আইসিসির বিচারকদের ওপর মার্কিন প্রশাসনের এই কঠোর নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
জান্নাত সকালবেলা
|