মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুলের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুলের

জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে করা মামলাটি দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন খোদ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের (চরমোনাই পীর) বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আমি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই বিষয়ে আমি পূর্বে একেবারেই অবগত ছিলাম না এবং কে বা কারা এই মামলা করেছেন, তাও আমার জানা ছিল না। বিষয়টি জানতে পেরে আমি অত্যন্ত বিব্রত বোধ করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, “মামলার খবর পাওয়ার পরপরই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং দ্রুত মামলা প্রত্যাহারের অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। আমি সদর দক্ষিণ থানার ওসি এবং আমার আইনজীবীকে এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।”

মনিরুল হক চৌধুরী তাঁর পোস্টে আরও পরিষ্কার করেন যে, জাতীয় সংসদে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তাঁর যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই লিখিতভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইন-শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।

উল্লেখ্য, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে বিদ্রুপ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ ওঠে। এর জেরে গত ২০ জুন কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ খোকন তালুকদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

মামলা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে বাদী জালাল আহমেদ খোকন তালুকদার জানান, “আমাদের নেতা মনিরুল হক চৌধুরীর দাড়ি নিয়ে কটূক্তি করায় আমি স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছিলাম। বিষয়টি এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হওয়ার পর তাঁর নির্দেশে দলীয় নেতাকর্মীরা আমাকে মামলাটি তুলে নিতে বলেন। নেতার প্রতি শ্রদ্ধা রেখে আজ বৃহস্পতিবার আমি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছি।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন