মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে আকরাম নামের এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয় কয়েকজন শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
সিহাবের কর্মস্থলের মালিক মো. মনির হোসেন বলেন, শনিবার সিহাব ছুটি নিয়েছিল। ওই দিন সে কর্মস্থলে যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, কয়েক দিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর ঘটনায় সঙ্গে থাকা বন্ধুদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা
|