কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১০ লাখ ৭১ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে যুক্ত থাকার অভিযোগে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ও রবিবার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর, জামালপুর, রামকৃষ্ণপুর, রংমহল ও শুভরাজপুর বিওপি এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল মদ, ২০০ প্যাকেট বিড়ি ও ১২ কেজি জিরাসহ মো. শাকিব ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়।
অন্য এক অভিযানে উপজেলার নিচপাড়া এলাকা থেকে ৭ বোতল স্কাফ ও ২ বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. বাক্কার (৩৮) নামের অপর এক ব্যক্তিকে আটক করেন বিজিবি সদস্যরা।
এছাড়া জয়পুর মাঠপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিন সকালে বিজিবির পৃথক টহল দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৬ কেজি গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সীমান্তে এ ধরনের চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|